
নিজস্ব প্রতিবেদক: আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইব্রাতাস ট্রেডিং কোম্পানি লিমিটেড এর যৌথ উদ্যোগে রাজধানীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে উক্ত মাহফিলের আয়োজন করা হয়। সেক্টরসংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং পবিত্র মাহে রমজানের মাহত্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়। এছাড়াও মাহফিলে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ইব্রাতাস ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন চৌধুরীর একমাত্র ছেলে আরহাম ইব্রাহীম চৌধুরী সুললিত কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করেন।
আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইব্রাতাস ট্রেডিং কোম্পানির পরিচালক মো. গিয়াস উদ্দিন খান স্বাগত বক্তব্যে বলেন, ২০২০ সালে আস্থা ফিডের যাত্রা শুরু হয়। মাত্র পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি দেশের সর্বত্র কার্যক্রম বিস্তার করে খামারি ও ডিলারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন, “মহান আল্লাহর অশেষ রহমত, আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং আপনাদের আন্তরিক সহযোগিতাই এ সাফল্যের মূল চালিকা শক্তি।” ভবিষ্যতেও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ইব্রাতাস ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “আমরা রমজানে রোজা রাখি সওয়াব, বরকত ও মাগফেরাতের প্রত্যাশায়; তেমনি ব্যবসা পরিচালনা করি দেশ ও মানুষের কল্যাণের উদ্দেশ্যে।” তিনি সততা, নৈতিকতা ও দায়বদ্ধতার সঙ্গে ব্যবসা পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আন্তরিক পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল সংশ্লিষ্ট খাতের অংশীজনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং ভবিষ্যৎ সহযোগিতার পথ সুগম করবে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন। রমজানের তাৎপর্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠান কর্পোরেট সামাজিক দায়বদ্ধতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



