
বিশেষ সংবাদদাতা: দেশের শীর্ষস্থানীয় অ্যাকুয়া পণ্য আমদানি ও বিপণন প্রতিষ্ঠান অ্যাডভান্স এগ্রোটেক বাংলাদেশ-এর দু’দিনব্যাপী (৫ ও ৬ ফেব্রুয়ারি) ১৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের মনোরম পর্যটন এলাকা ময়রায় অবস্থিত দীপালি ডাউনটাউন রিসোর্টে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও ব্যবস্থাপনা টিমের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন সরকার তপন, পরিচালক আশরাফুজ্জামান মিয়া জিল্লু, হেড অব মার্কেটিং রেজাউল হক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু ওয়েব ইন্ডিয়া (Blue Web India) -এর টেকনিক্যাল ম্যানেজার মিজানুর রহমান রানা। পাশাপাশি সারা দেশ থেকে আগত জোনাল সেলস ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, সিনিয়র অফিসার, অফিসার, জুনিয়র অফিসার ও মার্কেটিং অ্যাসিস্ট্যান্টসহ বিপুলসংখ্যক মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এই আয়োজনে অংশগ্রহণ করেন।
সাধারণ সভায় প্রাণবন্ত পরিবেশে বিভিন্ন সেশন, কৌশলগত আলোচনা, দলগত কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ২০২৫ সালের সেরা পারফর্মারদের নির্বাচন ও সম্মাননা প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
সভায় ২০২৬ সালের বিক্রয় পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, বাজার সম্প্রসারণ কৌশল এবং প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক ও বিক্রয় অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “শক্তিশালী টিমওয়ার্ক, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিই অ্যাডভান্স এগ্রোটেক বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির মূল ভিত্তি।” তিনি কোম্পানির উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকদের মতে, অ্যাডভান্স এগ্রোটেক বাংলাদেশ বর্তমানে একটি সুসংগঠিত, আর্থিকভাবে সুদৃঢ় এবং দ্রুত সম্প্রসারণশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেটি দুইদিন ব্যাপী এই সফল আয়োজন প্রমাণ করে। অংশগ্রহণকারীদের আন্তরিকতা, উদ্দীপনা ও সক্রিয় সম্পৃক্ততা কোম্পানিটির শক্তিশালী কর্পোরেট সংস্কৃতি ও বাজারে দৃঢ় অবস্থানকে আরও সুস্পষ্ট করেছে।
তারা বলেন, এই সাধারণ সভার সফল বাস্তবায়নের মধ্য দিয়ে অ্যাডভান্স এগ্রোটেক বাংলাদেশ আবারও প্রমাণ করেছে—দেশের কৃষি ও অ্যাকুয়া খাতে তারা একটি আস্থাশীল, উদ্ভাবনী ও নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত।



