
ফেনী সংবাদদাতা: ফেনীর সোনাগাজীতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার-২০২৬’। গত শনিবার (৩ অক্টোবর) আমান ফিড পিএলসি-এর উদ্যোগে এবং মমতাজ মিয়া পোল্ট্রির সহযোগিতায় সোনাগাজীর মমতাজ মিয়া হাটে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রায় ১৬৫ জন খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন মমতাজ মিয়া পোল্ট্রির প্রোপ্রাইটর মো. জামাল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি-এর এজিএম ও টেকনিক্যাল হেড ডা. মীর মোনায়েম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি-এর কুমিল্লা জোনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন এবং সিনিয়র টেকনিক্যাল সার্ভিস (পোল্ট্রি), কুমিল্লা জোনের ডা. মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মো. তোফায়েল আহমেদ, এক্সিকিউটিভ (ফিশ টেকনিক্যাল অ্যান্ড সেলস) মো. আরমান হোসেন এবং এক্সিকিউটিভ (টেকনিক্যাল-পোল্ট্রি) ডা. মো. মানিউল হক।
সেমিনারে ব্রয়লার ও লেয়ার মুরগি পালন, গবাদিপশু ও মাছ চাষের আধুনিক ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খামারের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খামারে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ, রোগের ঝুঁকি কমানো, সঠিক পরিচর্যা এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে খামারের সার্বিক উৎপাদনশীলতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে খামারিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় খামারিরা তাঁদের খামার পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, রোগবালাই, উৎপাদন ব্যবস্থাপনা ও অন্যান্য বিষয়ে প্রশ্ন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার আলোকে আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব এবং সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ফলপ্রসূ। অংশগ্রহণকারী খামারিরা আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে খামারিদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী খামারি, অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সফলভাবে সেমিনারের সমাপ্তি ঘটে।



