
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ধান প্রজননবিদ ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। আজ বুধবার (১৮ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত এক অফিস আদেশে তাঁকে এ পদে রুটিন দায়িত্ব প্রদান করা হয়। পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা ১৯৯৮ সালের ২০ আগস্ট ব্রিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৯ ডিসেম্বর থেকে তিনি উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ধান গবেষণা ও উন্নয়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সমৃদ্ধ করেছে।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯-৯০ সেশনে ১৯৯৭ সালে কৃষিতে প্রথম শ্রেণিতে তৃতীয় হয়ে বিএসসি এজি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিষয়ে এমএস এবং ২০১০ সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে (IRRI) গবেষণা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া ২০১৯ সালে ‘ব্রির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ধান প্রজনন কার্যক্রমের রূপান্তর’ বিষয়ে তিনি Collaborative Research Fellowship সম্পন্ন করেন।
তিনি ধান প্রজনন গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছেন। ধানের প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবন, বিশেষ করে পাঁচটি জলমগ্নতা ও আকস্মিক বন্যা সহনশীল ধানের জাত—ব্রি ধান৫১, ব্রি ধান৫২, ব্রি ধান৭৯, ব্রি ধান১০৯ ও ব্রি ধান১১০—উদ্ভাবনে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ২৬টি ধানের জাত উদ্ভাবনে তিনি নেতৃত্ব প্রদান করেন।
মার্কার-অ্যাসিস্টেড ব্যাকক্রস ব্রিডিং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় ধানের জাত বিআর১১, ব্রি ধান৪৪ ও ব্রি ধান৪৯-এর মধ্যে Sub1-QTL সংযোজনের গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ গবেষণার মাধ্যমে জলমগ্নতা সহনশীল ধানের জাত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। এ ছাড়া ধানের উদ্ভিদ প্রজননের আধুনিকায়ন, কৌলিতাত্ত্বিক বৈচিত্র্য, Field Rapid Generation Advance, জিনগত বৈশিষ্ট্য শনাক্তকরণ এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়েও তিনি গবেষণা করেছেন।
গবেষণা কার্যক্রমে তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও গবেষণাসংশ্লিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (IRRI) সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ধান প্রজনন গবেষণায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং গবেষণা কার্যক্রমের আধুনিকায়নে তিনি কাজ করেছেন।
গবেষণায় তাঁর প্রকাশনার সংখ্যাও উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বিজ্ঞান সাময়িকীতে ৭৯টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এর মধ্যে ১৯টি প্রবন্ধে তিনি প্রধান লেখক এবং ৬০টিতে সহলেখক হিসেবে রয়েছেন। এ ছাড়া তাঁর ২০টি বই, মনোগ্রাফ ও বুলেটিন এবং সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় উপস্থাপিত পাঁচটি গবেষণাপত্র রয়েছে। তাঁর প্রকাশিত গবেষণাপত্রের মধ্যে ১৯টি আন্তর্জাতিক পিয়ার-রিভিউড সাময়িকীতে ইমপ্যাক্ট ফ্যাক্টরসহ প্রকাশিত হয়েছে। তাঁর এইচ-ইনডেক্স ২৬ এবং আই-১০ ইনডেক্স ৩৪।
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ২০১১ সালে CSRL-OFAM Food and Agriculture Award, Plant Breeding and Genetics Society of Bangladesh-এর Young Scientist Award, ২০১৪ সালে ব্রি পুরস্কার এবং ২০২৪ সালে NARS-IRRI Fellowship Award। এ ছাড়া বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান অর্জনের জন্য BARC Chairman’s Award পুরস্কার লাভ করেন।
তিনি STRASA, ADB-Water Saving, NATP Bacterial Blight, BAS-Submergence, JICA-IRRI Component, AGGRI Alliance, TRB, CRCIL ও RCGS-সহ সর্বমোট ১৩টি প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের সঙ্গে জড়িত।
ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স সোসাইটি, SABRAO এবং বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট সাইন্টিস্ট অ্যাসোসিয়েশনের (BRRISA) সদস্য।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম মোছা. তাকবিরা সুলতানা।

