
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার এর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন আজ (২৫ মার্চ ২০২৬) প্রকাশিত হয়। এ সংক্রান্ত অতিরিক্ত সংখ্যা বাংলাদেশ গেজেট-এ প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ আমিন উর রশিদ-এর দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে তিনি খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়-এর দায়িত্ব পালন করলেও পুনর্বণ্টনের পর তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী-এর দপ্তরেও পরিবর্তন আনা হয়েছে। আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়-এর দায়িত্বে থাকলেও নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নতুন করে তাঁকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যোগ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, Rules of Business 1996-এর বিধান অনুসারে এই দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পূর্বে জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনসমূহের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।



