
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন। বুধবার (১৫ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। একই দিন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।
মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের আগে ড. মো. রফিকুল ইসলাম ব্রির পরিচালক (গবেষণা) (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্বে ছিলেন।
১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করেন ড. মো. রফিকুল ইসলাম। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি গবেষণা ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জনের পর ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস ডিগ্রি এবং ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বর্তমানে ড. মো. রফিকুল ইসলাম দেশের জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থা (এনএআরএস)-এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে সুপরিচিত। মৃত্তিকা উর্বরতা, ধান উৎপাদন প্রযুক্তি এবং কৃষি গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালে তার ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
গবেষণা ও পেশাগত কার্যক্রমের অংশ হিসেবে তিনি ইংল্যান্ড, স্কটল্যান্ড, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
ব্যক্তিগত জীবনে ড. মো. রফিকুল ইসলাম দুই সন্তানের জনক।



