
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ে সুপরিচিত পেশাজীবী ডা. সমলেন্দু সাহা সম্প্রতি দেশের অন্যতম স্বনামধন্য কৃষি ও প্রাণিসেবাভিত্তিক শিল্পগোষ্ঠী নাফকো গ্রুপের (Naafco Group) অঙ্গ প্রতিষ্ঠান নাফকো এগ্রোভেট লিমিটেড -এর হেড অব বিজনেস অপারেশন পদে যোগদান করেছেন। তাঁর এই যোগদানকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে কোম্পানির ব্যবসায়িক সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা এবং টেকসই প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।
ডা. সমলেন্দু সাহা দীর্ঘদিন ধরে দেশের পোল্ট্রি, লাইভস্টক ও অ্যানিম্যাল হেলথ সেক্টরে দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন। প্রায় দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন বহুজাতিক ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি এসিআই অ্যানিমেল হেলথ ডিভিশনে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ, কী অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (KAM) এবং আন্তর্জাতিক ব্র্যান্ডভিত্তিক সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর পেশাগত জীবনের বড় একটি অংশ কেটেছে এলানকো (Elanco) বাংলাদেশ লিমিটেডে, যেখানে তিনি টেকনিক্যাল সার্ভিস এবং কী অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে (KAM) নেতৃত্ব প্রদান করেন। এলানকোতে কর্মরত অবস্থায় বাংলাদেশের পোল্ট্রি খাতে আধুনিক হেলথ ট্র্যাকিং সিস্টেম সর্বপ্রথম চালু করার কৃতিত্ব তাঁর, যা খামার ব্যবস্থাপনা, রোগ নির্ণয় এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করে।
এর আগে তিনি নোভারটিস (Novartis) অ্যানিম্যাল হেলথ ডিভিশনে দীর্ঘ সময় কর্মরত ছিলেন এবং সেলস, মার্কেটিং ও টেকনিক্যাল সার্ভিস—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। বিশেষ করে কর্পোরেট সেলস এবং টেকনিক্যাল সার্ভিসে তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘Global Highflyer Award 2013’ অর্জন করেন, যা নোভারটিসের বৈশ্বিক পর্যায়ের সর্বোচ্চ সম্মানগুলোর একটি। কোম্পানিটির বাংলাদেশে ব্যবসায়িক ইতিহাসে তিনিই একমাত্র কর্মকর্তা, যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন।
কর্মজীবনের পাশাপাশি শিক্ষাগত ক্ষেত্রেও তিনি সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ডিগ্রি অর্জনের পর তিনি কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন, যা তাঁর ব্যবস্থাপনাগত দক্ষতা ও কৌশলগত চিন্তাভাবনাকে আরও সমৃদ্ধ করেছে।
নাফকো এগ্রোভেট (Naafco Agrovet) ডিভিশনে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে ডা. সমলেন্দু সাহা পোল্ট্রি, গবাদিপশু এবং অ্যাকুয়াকালচার খাতে ব্যবসায়িক কৌশল নির্ধারণ, বাজার সম্প্রসারণ এবং গ্রাহককেন্দ্রিক সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নাফকো গ্রুপকে দেশের অ্যানিম্যাল হেলথ খাতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



