
নিজস্ব প্রতিবেদক : প্রাণিসম্পদ খাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সরকার প্রাণিসম্পদ অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) নিয়োগ দিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ শাখা থেকে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ মাছুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শাহজামান খানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাজধানীর ফার্মগেটস্থ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।
একই প্রজ্ঞাপনে বর্তমান মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আবু সুফিয়ানকে চিফ সায়েন্টিফিক অফিসার (টক্সিকোলজি অ্যান্ড জুরিসপ্রুডেন্স অনুবিভাগ) হিসেবে বদলি করা হয়েছে। তিনি ঢাকার কাজী আলাউদ্দিন রোডে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করতে এই প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন মহাপরিচালকের নেতৃত্বে অধিদপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সেবার মান আরও উন্নত হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



