
গাজীপুর সংবাদদাতা : দেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ড. মো. মন্জুরুল কাদির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি বারির তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কৃষি গবেষণায় অবদান রাখা ড. মন্জুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নিয়মিত পদোন্নতির মাধ্যমে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সর্বশেষ তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তৈলবীজ প্রজননবিদ্যা (Oilseed Breeding), বিশেষ করে সরিষা ও চিনাবাদাম বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা ও পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিশেষ করে তৈলবীজ ফসলের উন্নত জাত উদ্ভাবন ও গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
ড. মো. মন্জুরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
কৃষি গবেষণায় তার দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং উদ্ভাবনী চিন্তাভাবনা বারিকে আরও গতিশীল ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।



