
নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ তিনটি খাত- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য – সমন্বয়ে গঠিত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনী প্রচারণায় তৃণমূলভিত্তিক সংগঠন, দলীয় নেতাকর্মীদের সক্রিয় সম্পৃক্ততা এবং স্থানীয় উন্নয়ন প্রতিশ্রুতি তাঁর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল এলাকায় তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।
ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্থান ঘটে তাঁর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তরুণ নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তিনি সাংগঠনিক সম্প্রসারণ, কর্মীসংগঠন শক্তিশালীকরণ এবং জনসম্পৃক্ত রাজনীতিতে গুরুত্ব দিয়ে আসছেন। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে কৃষি সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা টাঙ্গাইল অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন দায়িত্বে কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থার সমন্বয় এবং সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট খাতগুলোতে গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল।



