
নিজস্ব প্রতিবেদক: COP31 সম্মেলনে ‘Ambition on Melting Ice’ (AMI) উদ্যোগে ২৬তম দেশ হিসেবে বাংলাদেশের যোগ দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ এ উদ্যোগে অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) COP31 সম্মেলন ভেন্যুতে বাংলাদেশ সরকারের পক্ষে এ উদ্যোগে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় AMI সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন (Dr. Pam Pearson) উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, হিমবাহের বরফ গলন রোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
‘Ambition on Melting Ice’ উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। বিশেষ করে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং এর ফলে উপকূলীয় ও নিম্নাঞ্চলের জনগোষ্ঠীর ওপর সৃষ্ট বহুমাত্রিক ঝুঁকির বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার ক্ষেত্রে এ অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহ ও বরফস্তরের দ্রুত পরিবর্তন জলবায়ু ব্যবস্থার ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উপকূলবর্তী ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের কারণ।
AMI উদ্যোগে যোগদানের মাধ্যমে বাংলাদেশ হিমবাহের বরফ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক, এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ সুরক্ষার বিষয়গুলোতে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও সচেতনতা জোরদারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো একক দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে পৃথিবীর মেরু অঞ্চল ও পার্বত্য হিমবাহে সংঘটিত পরিবর্তন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ, অর্থনীতি ও জনজীবনে প্রভাব ফেলে। ফলে এই সংকট মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ, বিজ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ, কার্যকর প্রশমন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
এই বাস্তবতায় AMI উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সংহতি বৃদ্ধির পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর উদ্বেগ ও অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আসছে। AMI উদ্যোগে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার বৃহত্তর প্রচেষ্টার সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।
এ উদ্যোগে বাংলাদেশের যোগদান আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এর মাধ্যমে হিমবাহ ও বরফাঞ্চল সংরক্ষণ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার আরও সুস্পষ্ট হয়েছে।

