
নিজস্ব প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র, ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস) এবং হারভেস্টপ্লাস সলিউশন্সের যৌথ উদ্যোগে “দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন” শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় দক্ষিণ এশিয়ার সার্ক সদস্য রাষ্ট্রসমূহের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনকে একটি টেকসই কৌশল হিসেবে এগিয়ে নিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করছেন।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান; পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, বিমসটেক ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ের কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সার্ক উন্নয়ন তহবিল বিষয়ক পরিচালক তানভীর আহমদ তরফদার।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি কৃষি গবেষণার অগ্রগতি এবং পুষ্টিসংবেদনশীল খাদ্যব্যবস্থা উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সার্ক কৃষি কেন্দ্রের ফসলবিষয়ক সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. সিকান্দার খান তানভীর কর্মশালার উদ্দেশ্য ও কর্মসূচির সারসংক্ষেপ উপস্থাপন করেন।
বাংলাদেশে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) পোর্টফোলিও লিড ও মূল প্রবন্ধ উপস্থাপক ড. আশেক মাহফুজ “দক্ষিণ এশিয়ার পুষ্টি সমস্যা মোকাবিলায় পুষ্টিসমৃদ্ধ ফসল: একটি কৌশলগত পথ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি অণুপুষ্টি উপাদানের ঘাটতি মোকাবিলা এবং পুষ্টিগত উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ ফসলের ভূমিকা তুলে ধরেন।
অধিবেশনে আরও বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র গ্রোভার এবং কাজাখস্তানের আস্তানায় অবস্থিত ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির মহাপরিচালক রাষ্ট্রদূত বেরিক আরিন। তাঁরা দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে আঞ্চলিক অংশীদারিত্ব, গবেষণা সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার মূল লক্ষ্য হলো আঞ্চলিক সহযোগিতা জোরদার, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন ও বিস্তার বৃদ্ধি করা। প্রচলিত উদ্ভিদ প্রজননসহ উপযুক্ত পদ্ধতির মাধ্যমে ফসলের পুষ্টিমান উন্নয়ন করা হয়, যা অণুপুষ্টি উপাদানের ঘাটতি মোকাবিলার পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আগামী দুই দিন কর্মশালায় অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন সম্প্রসারণের সুযোগ, চ্যালেঞ্জ এবং কৌশল নিয়ে কারিগরি আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

