
নিজস্ব প্রতিবেদক: দেশের পোল্ট্রি, মৎস্য, ফিডমিল, প্রসেসিং ও প্রাণিসম্পদ খাতের পরিচিত মুখ এবং দক্ষ সংগঠক মো. জাহিদুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত জাহিদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
World’s Poultry Science Association-Bangladesh Branch (WPSA-BB)-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহিদুল ইসলাম সংগঠনটির একাধিকবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের পোল্ট্রি ও প্রক্রিয়াজাত খাদ্য প্রযুক্তি প্রতিষ্ঠান AXON Ltd. (এক্সোন লিমিটেড)-এর ব্যবস্থাপনা পরিচালক। আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার আয়োজনেও তিনি Venue Management & Logistic Support Sub-Committee-এর আহ্বায়ক হিসেবে একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশের পোল্ট্রি, মৎস্য, ফিডমিল, প্রসেসিং ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টদের কাছে তিনি একজন সদা হাস্যোজ্জ্বল, কর্মতৎপর ও দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত।
জাহিদুল ইসলামের গুরুতর অসুস্থতার খবরে পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাঁর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে WPSA-BB। সংগঠনটির পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।
WPSA-BB-এর সভাপতি শামসুল আরেফিন খালেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান এক বার্তায় বলেন, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে WPSA-BB-এর বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তাঁর অসুস্থতার সংবাদে সংগঠনের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন।
দোয়া ও প্রার্থনায় তাঁরা বলেন, “হে পরম করুণাময় আল্লাহ, আপনি পরম দয়ালু ও আরোগ্যদাতা। আপনার অসীম রহমতে মো. জাহিদুল ইসলামকে তাঁর দুরারোগ্য ব্যাধি থেকে সম্পূর্ণ আরোগ্য দান করুন। তাঁর সকল কষ্ট ও যন্ত্রণা লাঘব করুন, তাঁকে শারীরিক ও মানসিক শক্তি দান করুন এবং দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
তাঁরা আরও প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন তাঁর ওপর রহমত ও শিফা নাজিল করেন, সব ধরনের কষ্ট ও অসুস্থতা দূর করে পূর্ণ রোগমুক্তি দান করেন এবং তাঁর নেক হায়াতে বরকত দান করেন।
একই সঙ্গে WPSA-BB-এর সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের পোল্ট্রি, প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট খাতের সকল শুভাকাঙ্ক্ষী, সদস্য, সহকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে মো. জাহিদুল ইসলামের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।



