‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ!

নিজস্ব প্রতিবেদক : ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭ উপলক্ষে সাধারণ প্রদর্শকদের (General Exhibitors) স্টল বুকিং শুরু হচ্ছে আগামীকাল রোববার (৮ নভেম্বর)। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টল বুকিং ও বরাদ্দ কার্যক্রম চলবে। স্টল বরাদ্দ দেওয়া হবে ‘আগে এলে আগে পাবেন’ (First Come, First Served) ভিত্তিতে এবং তা নির্ভর করবে স্টল প্রাপ্যতার ওপর। বিভিন্ন ক্যাটাগরির স্টলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে আগামী ১৮ থেকে ২০ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ প্রদর্শনী। এর আগে ১৬ ও ১৭ মার্চ লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক টেকনিক্যাল সেমিনার। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য “Safe Poultry for Global Markets”।
ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (BPICC) যৌথভাবে এ আয়োজন করছে। এতে দেশ-বিদেশের পোল্ট্রি শিল্পের উদ্যোক্তা, ফিড প্রস্তুতকারক, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান, প্রযুক্তি ও যন্ত্রপাতি সরবরাহকারী, গবেষক এবং পেশাজীবীদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিটি সাধারণ স্টলের আয়তন হবে ৩ মিটার × ৩ মিটার বা ৯ বর্গমিটার। প্রদর্শনীর জন্য ICCB-এর হল ২, ৩ ও ৪ এবং পৃথক এক্সপো জোনে বিভিন্ন ক্যাটাগরির স্টল রাখা হয়েছে।
মূল প্রদর্শনী হলগুলোতে ক্যাটাগরি-এ স্টলের মূল্য ১ লাখ টাকা এবং ক্যাটাগরি-বি ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মেজানাইন ফ্লোরে হল ২ ও ৩-এর স্টলের মূল্য ৮০ হাজার টাকা এবং হল ৪-এর স্টলের মূল্য ১ লাখ টাকা।
এক্সপো জোনে ক্যাটাগরি-এ স্টলের মূল্য ১ লাখ টাকা, ক্যাটাগরি-বি ৯০ হাজার, ক্যাটাগরি-ডি ৭০ হাজার এবং ক্যাটাগরি-ই ৬০ হাজার টাকা। এছাড়া ক্যাটাগরি-সি-তে চীনা প্রদর্শকদের জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় প্রদর্শকের জন্য স্টলের মূল্য একই থাকবে।
স্টল বুকিংয়ের সময় মোট মূল্যের ৫০ শতাংশ অগ্রিম পরিশোধ করতে হবে। সাধারণ প্রদর্শকদের ৮ নভেম্বর WPSA-BB কার্যালয়ে উপস্থিত হয়ে বুকিং ও স্টল বরাদ্দ সম্পন্ন করতে হবে। এদিন সকাল ৮টা থেকে কার্যালয়ের প্রবেশপথে টোকেন বিতরণ শুরু হবে। পরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বুকিং ও বরাদ্দ কার্যক্রম চলবে।
তবে ৮ নভেম্বর বুকিং সম্পন্ন করতে না পারা প্রদর্শকদের জন্যও সুযোগ থাকছে। স্টল প্রাপ্যতা সাপেক্ষে ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বুকিং করা যাবে। এ ক্ষেত্রে WPSA-BB কার্যালয়ে যোগাযোগের পাশাপাশি info@wpsa-bb.com ই-মেইলেও যোগাযোগ করা যাবে। বুকিং করা স্টলের সম্পূর্ণ মূল্য ৩০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।
প্রদর্শনীকে সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানসম্পন্ন রাখতে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পূর্বানুমতি ছাড়া স্টল ভাগাভাগি, হস্তান্তর বা লিজ দেওয়া যাবে না। প্রদর্শনী হলে জীবন্ত প্রাণী প্রদর্শন, রান্না করা এবং অনুমোদন ছাড়া কোনো ধরনের কাঠামো নির্মাণের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
এবারের আয়োজনের মাধ্যমে নিরাপদ ও টেকসই পোল্ট্রি উৎপাদন, বায়োসিকিউরিটি, আধুনিক ফিড প্রযুক্তি, ভেটেরিনারি চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশি-বিদেশি শিল্পসংশ্লিষ্টদের মধ্যে প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণেরও সুযোগ থাকবে।
আয়োজকরা পোল্ট্রি কোম্পানি, ফিড প্রস্তুতকারক, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান, যন্ত্রপাতি ও প্রযুক্তি সরবরাহকারীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রদর্শনীতে অংশ নিয়ে নিজেদের পণ্য, সেবা ও উদ্ভাবন তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
স্টল বুকিংয়ের স্থান : ওয়াপসা-বিবি কার্যালয়ের সম্মেলন কক্ষ, রূপায়ণ শপিং স্কয়ার, স্যুট #সি অ্যান্ড ডি, ৮ম তলা, প্লট #২/সি, ব্লক #জি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।
স্টল বুকিং ও প্রদর্শনীসংক্রান্ত বিস্তারিত তথ্য WPSA-BB-এর ওয়েবসাইট wpsa-bb.com এবং ই-মেইল info@wpsa-bb.com-এ পাওয়া যাবে।

