
নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) সদস্যপদ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সময়োপযোগী করতে সম্পূর্ণ ডিজিটাল Membership Management System চালু করেছে। এর ফলে এখন থেকে সদস্যপদ গ্রহণ, নবায়ন, ব্যক্তিগত তথ্য হালনাগাদসহ সদস্যপদ-সংক্রান্ত প্রায় সব ধরনের সেবা অনলাইনের মাধ্যমে গ্রহণ করা যাবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের প্রত্যাশিত WPSA Bangladesh Branch Membership Management System সফলভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা হয়েছে। ফলে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে এখন থেকে সকল সদস্য WPSA-BB-এর ওয়েবসাইট www.wpsa-bb.com-এ প্রবেশ করে Membership Portal ব্যবহার করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সদস্যরা New Membership Registration, Membership Renewal, Profile Update, সদস্য তথ্য যাচাই ও সংরক্ষণসহ সদস্যপদ-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে, যারা নতুন করে WPSA-BB-এর সদস্য হতে আগ্রহী, তারাও অনলাইনে নিবন্ধন করে সদস্যপদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান সদস্যরা তাঁদের সদস্য তথ্যে ব্যবহৃত নিজস্ব E-mail ID দিয়ে Login করবেন এবং প্রাথমিক Password হিসেবে তাঁদের Local ID ব্যবহার করবেন। প্রথমবার লগইন করার পর সদস্যরা চাইলে নিজেদের সুবিধামতো Password পরিবর্তন করতে পারবেন।
ডিজিটাল সদস্যপদ ব্যবস্থাপনা চালুর মাধ্যমে সংগঠনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ এবং সদস্যবান্ধব হবে বলে আশা প্রকাশ করেছে WPSA-BB। পাশাপাশি সকল সদস্য ও নতুন সদস্যপ্রত্যাশীদের এই ডিজিটাল উদ্যোগ সফল করতে সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।
ডিজিটাল সদস্যপদ ব্যবস্থাপনা-সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ বা কারিগরি সহায়তার জন্য WPSA-BB হটলাইন – ০১৭১২-৫৭৮৫২৭ এবং ০১৭১১-৩৭১০১৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



