
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রমবর্ধমান প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণ এবং টেকসই ও সাশ্রয়ী মৎস্য ও পশুখাদ্য উৎপাদনের লক্ষ্যে রাজধানীতে ‘Feed for Growth: Supporting Bangladesh’s Protein Demand’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (FIAB) এবং ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC)-এর যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। এতে দেশের পোল্ট্রি, লাইভস্টক ও অ্যাকুয়াকালচার খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, দেশি-বিদেশি পুষ্টিবিদ, গবেষক এবং নীতিনির্ধারকেরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, “একটি সুস্থ ও মেধাভিত্তিক জাতি গঠনে প্রাণিজ প্রোটিনের ভূমিকা অপরিসীম। তবে নিরাপদ ও মানসম্মত প্রোটিন উৎপাদনের মূল ভিত্তি হলো মানসম্মত ফিড। উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে প্রোটিন সরবরাহ নিশ্চিত করতে আমাদের সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে ‘প্রিসিশন নিউট্রিশন’ (Precision Nutrition) ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, “পোল্ট্রি ও লাইভস্টক খাতের মোট উৎপাদন খরচের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ ফিড বাবদ ব্যয় হয়। বিজ্ঞানসম্মত ও আধুনিক ফিড ব্যবস্থাপনার মাধ্যমে এফসিআর (FCR) উন্নত করা সম্ভব হলে খামারিরা সরাসরি উপকৃত হবেন।” তিনি আরও জানান, ফিডের গুণগত মান নিশ্চিত করা এবং ক্ষতিকর অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তর কঠোরভাবে কাজ করে যাচ্ছে।
সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন FIAB-এর সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক। তিনি বলেন, “বিশ্ববাজারের পরিবর্তিত পরিস্থিতি এবং কাঁচামালের দামের ওঠানামার মধ্যে আমাদের শিল্পকে আরও প্রযুক্তিনির্ভর ও দক্ষ হতে হবে। প্রিসিশন ফর্মুলেশন এবং উন্নত কাঁচামালের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।”
অনুষ্ঠানে সয়াবিন ও প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন USSEC-এর বাংলাদেশ মার্কেট লিড খাবিবুর রহমান, ইস্ট এশিয়া অ্যাকুয়াকালচার লিড লুকাস মানোমাইটিস, ঝু এনহুয়া (জো) এবং সিয়াং পিন ল্যান শান।

সেমিনারে সভাপতিত্ব করেন কোয়ালিটি ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহতেশাম বি. শাহজাহান। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান শিশির, এগ্রো সল্যুশনের অ্যাকুয়াটিক এনিম্যাল নিউট্রিশন কনসালট্যান্ট অং থোয়েন এ এবং বাংলা-ইউকে এগ্রো প্রোডাক্টস লিমিটেডের সিইও মো. জাহিদুল ইসলাম কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁদের উপস্থাপনায় পোল্ট্রি ও মৎস্য খাদ্যের আধুনিক ফর্মুলেশন, উৎপাদন খরচ কমানোর কৌশল এবং টেকসই পুষ্টি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারের সমাপনী বক্তব্য দেন এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তারা আশা প্রকাশ করেন, সেমিনারে উপস্থাপিত কারিগরি দিকনির্দেশনা ও নীতিগত পরামর্শ বাংলাদেশের ফিডশিল্পের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের পোল্ট্রি, লাইভস্টক ও অ্যাকুয়াকালচার খাতের টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



