
নিজস্ব প্রতিবেদক : খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ)-এর খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ক্যাম্পাস অডিটোরিয়ামে বিশ্ব ডিম দিবস ২০২৬ ও বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ক্যাব ইন্টারন্যাশনাল (CAB International—CABI) এতে কো-অর্গানাইজার হিসেবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. এম. তামিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান।
সেমিনারে কৃষি ও নিরাপদ খাদ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির।
মূল প্রবন্ধ দুটির ওপর বিস্তারিত আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ক্যাব ইন্টারন্যাশনাল (CABI)-এর বিশেষজ্ঞরা। তাঁদের আলোচনায় নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ, খাদ্যবাহিত রোগ প্রতিরোধ, পুষ্টি নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে আসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিএসএসএফের সাংগঠনিক সম্পাদক ও সেমিনার আয়োজক কমিটির সদস্য সচিব ড. জীবুন্নাহার খন্দকার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসএসএফের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান।
বিশ্ব ডিম দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ছিল “Protein That Powers and Protects”। প্রতিপাদ্যটি ডিমের উচ্চ পুষ্টিমান এবং ব্যক্তি ও জনস্বাস্থ্যে এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে। অন্যদিকে, বিশ্ব খাদ্য দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “Innovate today. Nourish tomorrow.”, যার বাংলা ভাবার্থ ‘আজ উদ্ভাবন, আগামী দিনের সমৃদ্ধি’। এ প্রতিপাদ্য খাদ্য উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।
সেমিনারে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য উৎপাদন বা ভোক্তা পর্যায়ের বিষয় নয়; বরং উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন, বিপণন ও ভোগ—পুরো খাদ্যব্যবস্থার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণাসহ সংশ্লিষ্ট সব খাতের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
অনুষ্ঠানে নিরাপদ খাদ্যবিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সেমিনার চলাকালে অনুষ্ঠান, মূল প্রবন্ধ এবং নিরাপদ খাদ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্ন, মতামত ও পরামর্শ একটি নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে এসব মতামত ও পরামর্শ পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।
বিএসএসএফের পক্ষ থেকে বলা হয়, এ আয়োজনের মাধ্যমে নীতিনির্ধারক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য বিষয়ে জ্ঞান বিনিময়, গবেষণা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করে।
অনুষ্ঠানে হোস্ট প্রতিষ্ঠান আইইউবি এবং কো-অর্গানাইজার ক্যাব ইন্টারন্যাশনাল (CABI)-এর সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এ ধরনের যৌথ উদ্যোগ নিরাপদ খাদ্য, পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা, জ্ঞান বিনিময় এবং নীতি-আলোচনাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
সেমিনারের শেষ পর্বে পুরস্কার ও সম্মাননা প্রদান, দোয়া এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। একই সঙ্গে বিএসএসএফের বার্ষিক প্রকাশনা ‘সেফ ফুড ডাইজেস্ট’-এর মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়।

