
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কেরানীগঞ্জ, ঢাকা ড. মো. আব্দুস সাত্তার বেগকে আহ্বায়ক এবং ডা. এ টি এম ফয়েজ খান রাকিবকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট, ঢাকার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এএনএসভিএম অনুষদের সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলা ও সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম এবং ওশেনোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মাসুদুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং এএনএসভিএম অনুষদের বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার ডা. মো. আলাউদ্দিন মাসুদ উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নবগঠিত আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক শিক্ষার্থীদের মধ্যে পেশাগত ও পারস্পরিক যোগাযোগ জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. গোলাম মোর্শেদ এবং ডা. মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. অলক সরকার, ডা. মো. কামরুল হাসান, ডা. মো. তাজাম্মুল হক, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. মাহবুবুর রহমান, ডা. মো. রাকিবুর রহমান, ডা. মো. রবিউল ইসলাম, ডা. মো. সাকিব রেজওয়ান এবং ড. মো. হুমায়ুন কবির।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটির নেতৃত্বে এএনএসভিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক শিক্ষার্থীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে শিক্ষার্থী কল্যাণ, পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



