
নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উৎপাদন পর্যায়ে সমন্বিত উদ্যোগ, কৃষি খাতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সোসাইটির প্রতিনিধিদল সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় নিরাপদ খাদ্য বিষয়ে সোসাইটি কর্তৃক আয়োজিত কনফারেন্স, টেকনিক্যাল সেমিনার, প্রকাশনা, টেলিভিশন অনুষ্ঠানসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
আলোচনাকালে মন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান। প্রতিনিধিদল তার বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ খাতে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর জনকল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার মূল ভিত্তি হলো নিরাপদ উৎপাদন। বিশেষ করে কৃষি খাতে মাটি, পানি, সার ও বালাইনাশকের সঠিক ব্যবস্থাপনা নিয়ে আরও বেশি গবেষণা, সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, উৎপাদন পর্যায়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভোক্তার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার কাজ অনেক সহজ হবে। এ জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ কেবল বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক ইস্যু। তাই উৎপাদন ও বিপণন ব্যবস্থা সচল রেখে গুণগত উন্নয়নের লক্ষ্যে দক্ষতা, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ করতে হবে।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের পক্ষ থেকে মন্ত্রীকে সংগঠনের পরবর্তী টেকনিক্যাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। এ সময় সোসাইটির পক্ষ থেকে তাকে একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।



