
চট্টগ্রাম সংবাদদাতা: খামারিদের আধুনিক ও লাভজনক খামার পরিচালনায় উদ্বুদ্ধ করতে এবং তাদের সাথে সরাসরি মতবিনিময় করার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী থানার অন্তর্গত সিটি প্যালেস কনভেনশন হলে এক জমকালো সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি-এর আয়োজনে এবং এক্সক্লুসিভ এজেন্ট আलिফ এগ্রো কমপ্লেক্স-এর সার্বিক সহযোগিতায় এই সেমিনার সম্পন্ন হয়। এতে প্রায় ৮ শতাধিক উৎসাহী খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আলিফ এগ্রো কমপ্লেক্সের সম্মানিত ব্যবসায়িক পার্টনার জনাব মোঃ জামাল। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আলিফ এগ্রো কমপ্লেক্সের মোঃ হোসেন।
উক্ত সেমিনারে আমান ফিড পিএলসি-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে খামারিদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। আমান ফিড পিএলসি-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম (ইস্টার্ন জোন হেড), ডাঃ মীর মোনায়েম হোসেন (হেড অব টেকনিক্যাল), মেহবুবুল ইসলাম (ডিজিএম), লুৎফর রহমান (সিনিয়র এজিএম), ফারুক হোসেন (ডেপুটি ম্যানেজার)। এছাড়াও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলন।

সেমিনারে বক্তারা বর্তমান বাজারে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কীভাবে পশুপাখির রোগব্যাধি নিয়ন্ত্রণ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন খরচ কমিয়ে খামারকে লাভজনক ব্যবসায় রূপান্তর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। খামারিদের বিভিন্ন প্রশ্নের বৈজ্ঞানিক ও তাত্ত্বিক সমাধান দেন কোম্পানির টেকনিক্যাল বিশেষজ্ঞ।
সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারী খামারিদের মাঝে বিশেষ উৎসাহ উদ্দীপনা তৈরি করতে আকর্ষণীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে, আমান ফিড পিএলসি ও আলিফ এগ্রো কমপ্লেক্সের পক্ষ থেকে উপস্থিত সকল খামারিদের রাতের খাবারে আপ্যায়ন করা হয়।

