
খুলনা সংবাদদাতা : ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কর্মস্পৃহা উজ্জীবিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান পদ্মা ফিড অ্যান্ড চিকস লিমিটেড তাদের ডিলার ও কর্মকর্তাদের নিয়ে দুই ধাপে এক বর্ণাঢ্য ও স্মরণীয় সুন্দরবন ভ্রমণের আয়োজন করে। প্রথম ধাপ অনুষ্ঠিত হয় ২৭ থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ এবং দ্বিতীয় ধাপ ২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬।
পুরো আয়োজনটি ছিল সুপরিকল্পিত, নান্দনিক ও প্রাণবন্ত, যা অংশগ্রহণকারীদের মধ্যে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। ভ্রমণে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল হক, জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. শাহীনুর আলম, ডিরেক্টর (অপারেশন) সৌরভ সাহা, ডিরেক্টর মো. রাশেদুজ্জামান এবং এজিএম (অ্যাডমিন) অমিত সাহা উপস্থিত থেকে পুরো কার্যক্রমকে নেতৃত্ব দেন।

ভ্রমণকালীন সময়ে অংশগ্রহণকারীরা বিলাসবহুল ও সুসজ্জিত লঞ্চে চড়ে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। আঁকাবাঁকা খাল, ঘন সবুজ বনভূমি, বন্যপ্রাণীর আনাগোনা এবং প্রাকৃতিক পরিবেশ সকলকে মুগ্ধ করে। পাশাপাশি লঞ্চের মধ্যে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, সাংস্কৃতিক পরিবেশনা, দলীয় খেলাধুলা ও আন্তঃক্রিয়ামূলক সেশন আয়োজন করা হয়, যা পুরো ভ্রমণকে আনন্দমুখর করে তোলে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে ডিলার ও কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে পরিবেশে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

ভ্রমণের সমাপনী পর্বে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, জিএম (অপারেশন) এবং পরিচালকবৃন্দ উপস্থিত থেকে ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ, ডিলারদের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা ডিলারদের অবদানের প্রশংসা করেন এবং আগামীতেও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
একই পর্বে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা, র্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং বিগত বছরে সর্বোচ্চ ফিড বিক্রেতাদের সম্মাননা প্রদান করা হয়। পোল্ট্রি ও ফিশ—এই দুই ক্যাটাগরিতে মোট সাতজন শীর্ষ বিক্রেতাকে বিশেষ সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়, যা অন্য ডিলারদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, এমন উদ্যোগ শুধু বিনোদনের জন্য নয়; বরং কোম্পানি ও ডিলারদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও পদ্মা ফিড অ্যান্ড চিকস লিমিটেড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোরম এই ভ্রমণ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জন নিবন্ধিত ডিলার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।



