
নিজস্ব প্রতিবেদক: এনিমেল হেলথ ও প্রাণিজ আমিষ খাতের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এনিমেল হেলথ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)-এর বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল। খাতসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক আন্তরিক মিলনমেলায়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত রেডিসান ব্লু ঢাকাতে আয়োজিত অনুষ্ঠানে আহকাবের সভাপতি সায়েম উল হক ও মহাসচিব মো. আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ এবং প্রাণিজ আমিষ সেক্টরের সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর-এর মহাপরিচালক ডা. ড. আবু সুফিয়ান। তিনি বলেন, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে এনিমেল হেলথ খাতের অবদান অনস্বীকার্য। জাতীয় পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ইফতার মাহফিলটি খাতসংশ্লিষ্টদের জন্য সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি প্রাণিজ আমিষ ও এনিমেল হেলথ সেক্টরের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সেক্টরের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



