
বগুড়া সংবাদদাতা: পোল্ট্রি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান তামিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কেয়ার ফিড’-এর মাসিক বিক্রয় সভা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বগুড়ার ব্যুরো ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নতুন লক্ষ্য ও উদ্যম নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় কেয়ার টিমের মধ্যে সভাজুড়ে প্রতিফলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার ফিড অ্যান্ড চিকস-এর পরিচালক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার এম এ মালেক, মহাব্যবস্থাপক কাজী শহিদুজ্জামান, মহাব্যবস্থাপক (ডিস্ট্রিবিউশন) মো. আব্দুস সালাম, উপ-মহাব্যবস্থাপক ডা. মো. রওশন আলম এবং সহকারী মহাব্যবস্থাপক (ফিড মিল) ডা. মো. মোমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় গত মাসের বিক্রয় কার্যক্রম পর্যালোচনা করে মোহাম্মদ আরিফুর রহমান মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাফল্যের প্রশংসা করেন। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে বিক্রয় বৃদ্ধির জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।
এম এ মালেক সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন, পেশাদারিত্ব ও সৃজনশীল বিপণন কৌশলই প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। কাজী শহিদুজ্জামান সারাদেশ থেকে আগত সেলস কর্মকর্তাদের বিক্রয় বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।
সভা শেষে গত মাসে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদান রাখা সেলস কর্মকর্তাদের উৎসাহিত করা হয়। সবশেষে গ্রুপ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারীদের মাঝে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়।



