
বিশেষ সংবাদদাতা: ব্যবসায়িক কর্মকান্ডে অনন্য অবদানের স্বীকৃতি-স্বরূপ ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীর একটি স্বনামধন্য হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন।
২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর এক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফিড শিল্পে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে। গবাদিপশু, পোলট্রি ও মৎস্য -এই তিনটি খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রম ও বিশ্বাস আকিজ এগ্রো ফিডকে এই স্বল্প সময়ের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই পুরস্কার তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক।’
আকিজ এগ্রো ফিড লিমিটেডের সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের আগামীর লক্ষ্য- দেশের খামারিদের স্বাবলম্বী করা, উৎপাদনে নতুন মাত্রা যোগ করা এবং আকিজ এগ্রো ফিডকে লাইভস্টক শিল্পে একটি বিশ্বস্ত নাম হিসেবে তুলে ধরা। সেই সঙ্গে আমাদের ব্যবসায়িক অংশীদারদেরও নিজ নিজ ব্যবসার ধারাবাহিকতা ও উৎকর্ষ বজায় রাখতে অনুপ্রাণিত করা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মোঃ আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (কনজিউমার মার্কেট ক্লাস্টার) সাবিহা ইয়াসমিন সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে আকিজ এগ্রো ফিড লিমিটেড তার ব্যবসায়িক অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যতে একটি টেকসই ও প্রসারিত অংশীদারিত্বের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।



