
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিজেদের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে নতুন পরিকল্পনার অংশ হিসেবে দুইজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আজ শনিবার (১১ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে এ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন – এস. এ. মাসুম পারভেজ (হেড অব সেলস) এবং এন. আর. এম. জাকারিয়া খান (হেড অব ইনস্টিটিউট সেলস)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও জোভিয়ালের উপদেষ্টা এম. এ. মালেক, জোভিয়ালের মহাব্যবস্থাপক ডা. এম. বি. এইচ. ফারুক এবং সহকারী মহাব্যবস্থাপক ডা. এ. এইচ. এম. সাইদুল হকসহ সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে মো. কামরুল হাসান বলেন, আমাদের দেশে এখনও অনেক ক্ষেত্রে মালিক ও কর্মচারীর মধ্যে বিভাজনের একটি ধারণা বিদ্যমান। তবে তিনি এ ধরনের বিভাজনে বিশ্বাসী নন উল্লেখ করে বলেন, “ছাত্রজীবন থেকেই আমি রবীন্দ্রনাথ ঠাকুর-এর একটি লাইনকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছি—‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’। আমি বিশ্বাস করি, প্রতিষ্ঠান মানে একটি পরিবার, যেখানে সবাই একই লক্ষ্যে কাজ করে।”
অনুষ্ঠানে এম. এ. মালেক সেলস ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। তিনি সেলস কৌশল, সংগঠন পরিচালনা, জ্ঞান বিনিময় এবং নেতৃত্ব বিকাশ বিষয়ে প্রাঞ্জল ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে উপস্থিতদের উদ্বুদ্ধ করেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত হেড অব সেলস এস. এ. মাসুম পারভেজ তার প্রতিক্রিয়ায় বলেন, “জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মতো একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি, টিমওয়ার্ক, বাজার বিশ্লেষণ এবং গ্রাহককেন্দ্রিক কৌশলের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।”
অন্যদিকে এন. আর. এম. জাকারিয়া খান বলেন, “এ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া আমার জন্য একটি গর্বের বিষয়। আমি আমার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক প্রবৃদ্ধি ও ব্র্যান্ড শক্তিশালী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”
উল্লেখ্য, জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড মূলত তামিম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নতুন আঙ্গিকে নিজেদের পুনর্গঠন ও সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে।



