
বিশেষ সংবাদদাতা : প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সাক্ষাৎটি ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যৎ সহযোগিতার প্রত্যাশায় পরিপূর্ণ।
আজ রবিবার ( ১২ এপ্রিল) রাজধানীর খামারখাড়িতে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে স্কয়ার এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত মহাপরিচালককে ফুল ও অভিনন্দন কার্ড প্রদান করে শুভেচ্ছা জানান। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ আল নোমান (সিনিয়র এক্সিকিউটিভ, রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড লজিস্টিকস), মো. রনিসুজ্জামান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) এবং অ্যাডভোকেট জহির (সিনিয়র লিগ্যাল কাউন্সেলর)।
আলোচনায় মহাপরিচালক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশনকে দেশের প্রাণিসম্পদ খাতের একটি নির্ভরযোগ্য ও অগ্রণী অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি খাতের টেকসই উন্নয়ন, প্রাণিস্বাস্থ্যের সুরক্ষা এবং জনকল্যাণমুখী কার্যক্রমে স্কয়ারের অব্যাহত ও সম্প্রসারিত ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় স্কয়ারের প্রতিনিধিরা নবনিযুক্ত মহাপরিচালকের গতিশীল নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতার প্রতি আস্থা প্রকাশ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর সুদক্ষ দিকনির্দেশনায় দেশের প্রাণিসম্পদ খাত আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।
পাশাপাশি, সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে খাতটির সার্বিক বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



