
নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর ‘প্রাণিস্বাস্থ্য সেবা প্রদর্শনী জোন’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে এসিআই এনিমেল হেলথ। প্রাণিস্বাস্থ্যসেবা ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কার্যক্রমের স্বীকৃতি হিসেবে পাওয়া এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাবেক বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
এ অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. ফা. হ. আনসারী এগ্রিনিউজ২৪.কম কে বলেন, “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে প্রাণিস্বাস্থ্য সেবা প্রদর্শনী জোনে বিজয়ী হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ স্বীকৃতি আমাদের পুরো দলের পরিশ্রম এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকারের প্রতিফলন। আমরা এসিআই এনিমেল হেলথের মাধ্যমে খামারিদের উন্নতমানের ও সমন্বিত প্রাণিস্বাস্থ্যসেবা দিয়ে থাকি। আমরা বিশ্বাস করি, আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা ও মানসম্মত প্রযুক্তির প্রসারের মাধ্যমে খামারিদের উৎপাদনশীলতা বাড়ানো এবং দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এবারের আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, খামারি ও উদ্যোক্তারা অংশ নেন। প্রদর্শনীতে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, সেবা, উৎপাদন ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরা হয়। এর মধ্যে প্রাণিস্বাস্থ্য সেবা প্রদর্শনী জোনে এসিআই এনিমেল হেলথের বিজয় প্রতিষ্ঠানটির জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধি, খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা এবং সহজ শর্তে ঋণসুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, দেশে ব্যবহৃত ভ্যাকসিনের মাত্র ১৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়। এ নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।
এ ছাড়া বক্তব্য দেন মিল্ক ভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, আহকাবের কোষাধ্যক্ষ ডা. মো. মোজাম্মেল হক খান এবং ফিঅ্যাবের মহাসচিব মো. আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন ড. বেগম শামছুননাহার আহম্মদ।
অনুষ্ঠানে মূল্যায়ন কমিটির ফলাফলের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল দেশীয় জাত, ছাগল-ভেড়া, সংকর জাতের গাভি ও ষাঁড়, প্রাণিজ পণ্য রপ্তানি, পোষা পাখি, প্রাণিজ আমিষ উৎসব, প্রাণিস্বাস্থ্য সেবা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পোল্ট্রি, প্রাণিসম্পদ প্রযুক্তি উন্নয়ন এবং পোষা প্রাণী প্রদর্শনী জোন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন দেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উদ্ভাবন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবদান তুলে ধরার পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।

