
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমান ফিড পিএলসি-এর উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের সার্বিক সহযোগিতায় জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের কর্ণধার মো. সোহেল রানা। অনুষ্ঠানে আমান ফিড পিএলসির টাঙ্গাইল অঞ্চলের ম্যানেজার (টেকনিক্যাল) ডা. জাহিদ হোসেন, জামালপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সুরুজ্জামান, জামালপুর ও শেরপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল) ডা. মো. সাইফুল ইসলাম এবং টাঙ্গাইল ও জামালপুরের এক্সিকিউটিভ (ক্যাটল) মো. তানভীর রহমান উপস্থিত ছিলেন।

সেমিনারে খামারিদের আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি, প্রাণীর পুষ্টি, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আমান ফিড পিএলসির বিভিন্ন ফিড ও সংশ্লিষ্ট পণ্যের বৈশিষ্ট্য, ব্যবহারবিধি এবং খামার ব্যবস্থাপনায় এসব পণ্যের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডা. জাহিদ হোসেন ও মো. তানভীর রহমান।
আলোচনায় খামার পরিচালনায় সঠিক খাদ্য ব্যবস্থাপনা, প্রাণীর পুষ্টির চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচন এবং নিয়মিত খামার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে খামারিদের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে উপস্থিত খামারিরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং খামার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় আমান ফিডের কর্মকর্তারা খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
সেমিনার শেষে অংশগ্রহণকারী খামারিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পাশাপাশি আমান ফিড পিএলসির পক্ষ থেকে উপস্থিত খামারিদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, মাঠপর্যায়ে খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং উৎপাদনসংক্রান্ত বাস্তব সমস্যাগুলো সম্পর্কে ধারণা নেওয়ার লক্ষ্যেই এ ধরনের সেমিনারের আয়োজন করা হচ্ছে।



