
পাবনা সংবাদদাতা: পাবনায় গমের নতুন জাত প্রদর্শনীর উপর কৃষক ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান এবং কৃষকদের মাঝে বিনামূলে্য বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপপরিচালকের কার্যালয়, পাবনা খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। এছাড়াও প্রশিক্ষণে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ সুহানা খাতুন গমের উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন জাতসমূহ পরিচিতি, উৎপাদন প্রযুক্তি, রোগবালাই ও দমন ব্যবস্থাপনা, বীজ সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তি নিয়ে সেশন পরিচালনা করেন।
সেশন পরিচালনায় আলোচকবৃন্দ বলেন, গম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দানাদার খাদ্যশস্য। মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় রুটি, বিস্কুট, নুডলস, পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে গমের ব্যাপক ব্যবহার রয়েছে। গম শর্করা, আমিষ, খাদ্যআঁশ, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদানের গুরুত্বপূর্ণ উৎস। তাই মানুষের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে গমের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কৃষিজমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা কৃষির জন্য বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষিপ্রযুক্তি ও উচ্চফলনশীল নতুন জাতের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট গমের নতুন নতুন জাত উদ্ভাবন করেছে, যেগুলো উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন, ব্লাষ্ট ও পাতার মরিচাসহ অন্যান্য রোগবালাই সহনশীল, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম এবং তুলনামূলকভাবে বেশি ফলন দিতে পারে। এ জাতগুলোকে সম্প্রসারণে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, গম একটি অর্থকরী দানাদার ফসল। তুলনামূলক কম সেচ, সুষম সার ব্যবস্থাপনা এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার কারণে অনেক ক্ষেত্রে গম চাষে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ফলে কৃষকরা স্বল্প ব্যয়ে অধিক লাভবান হওয়ার সুযোগ পান। গমের কাঙ্ক্ষিত ফলন পেতে উন্নত জাতের মানসম্মত বীজ ব্যবহার, সঠিক সময়ে বপন, মাটির পরীক্ষা অনুযায়ী পরিমিত ও সুষম সার প্রয়োগ এবং সময়মতো রোগবালাই দমন নিশ্চিত করা দরকার। একই সঙ্গে মাটির স্বাস্থ্য ও উর্বরতা রক্ষায় জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। কৃষকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জমিতে প্রয়োগের পাশাপাশি অন্য কৃষকদের মধ্যেও আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
প্রশিক্ষণে পাবনা জেলার ৫০ জন কৃষক-কৃষাণী ও ১০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের প্রতিজনকে বারি গম ৩০,৩৩, বিডাব্লিউএমআরআই গম ১,২,৩,৪ ও ৫ জাতের মধ্যে যেকোন একটি জাতের গম বীজ ১২ কেজি, ইউরিয়া ২১ কেজি, ডিএপি ১২ কেজি, এমওপি ১৩ কেজি, জিপসাম ১০ কেজি ও রোবণ ৬০০ গ্রাম প্রদান করা হয়।

