
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’-এর উদ্যোগে আজ রবিবার (২২ নভেম্বর) ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে ফসলভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
কৃষকদের মাটি পরীক্ষাভিত্তিক সুষম সার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং মাটির স্বাস্থ্য ও উর্বরতা সংরক্ষণের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমের আওতায় ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে এতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা ও অবস্থা নিরূপণ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট কৃষকদের ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহারের সুপারিশসংবলিত কার্ড বিতরণ করা হয়।
এসআরডিআই সংশ্লিষ্টরা জানান, মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে বিদ্যমান পুষ্টি উপাদানের ঘাটতি বা আধিক্য নির্ণয় করে ফসলের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করা সম্ভব। এতে অপ্রয়োজনীয় সার ব্যবহারের ব্যয় কমানোর পাশাপাশি সারের অপচয় রোধ, মাটির স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি উর্বরতা সংরক্ষণ এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। একই সঙ্গে কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে আর্থিক লাভ বাড়াতেও মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’-এর কার্যক্রমে নেতৃত্ব দেন কৃষিবিদ মো. হাফিজুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গবেষণাগার, কিশোরগঞ্জ। টিমের সদস্য হিসেবে ছিলেন কৃষিবিদ কে. এম. নাজমুল, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গবেষণাগার, পাবনা এবং কৃষিবিদ মো. আবুল বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় গবেষণাগার, ময়মনসিংহ—তিনজনই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কর্মকর্তা।
সার সুপারিশ কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ ছাড়া কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধান করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় গবেষণাগার, সিলেটের পিএসও হাসান আহম্মদ খান চৌধুরী।
মাটির স্বাস্থ্য সুরক্ষা, সুষম সার ব্যবস্থাপনার প্রসার, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে এসআরডিআইয়ের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

