
পাবনা সংবাদদাতা: পাবনার আটঘরিয়া উপজেলায় জিংকসমৃদ্ধ বায়োফর্টিফাইড ‘বিনা ধান-২০’ জাতের ধানের শস্য কর্তন, প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃষকদের উদ্দেশ্যে জিংকসমৃদ্ধ ধানের উপকারিতা, পুষ্টিগুণ এবং উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. নূরে আলম। এ ছাড়াও মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (MAIN) প্রকল্পের আওতায় হারভেস্টপ্লাস সল্যুশনস (এইচপিএস)-এর প্রতিনিধি, উপজেলার অন্যান্য কৃষি কর্মকর্তাবৃন্দ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার শতাধিক কৃষক-কৃষাণী এই আয়োজনে অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে বক্তারা বলেন, মানবদেহের পুষ্টিঘাটতি পূরণে জিংকসমৃদ্ধ ‘বিনা ধান-২০’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণসম্পন্ন হওয়ায় এটি কৃষকদের জন্য যেমন অর্থনৈতিকভাবে লাভজনক, তেমনি নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতকরণেও সহায়ক।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে জিংক ধান চাষাবাদের আধুনিক কলাকৌশল নিয়ে পরামর্শ প্রদান এবং আগামী মৌসুমে এই জাতের আবাদ আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়।

