
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা ধান২৬ নিয়ে মাঠদিবস ও শস্যকর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪ টায় সদর উপজেলার হিজলতলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং সদর উপজেলা কৃষি অফিসার মো. আহসান তাওহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিনার ফার্ম ম্যানেজার মৃনাল কুমার শীল, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ফজলুল রহমান, কৃষক সোহরাব মল্লিক প্রমুখ। মাঠদিবসে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইতোমধ্যে আমরা ভাতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন প্রয়োজন দানাশস্যসহ অন্যান্য ফসলের আবাদ এবং উৎপাদন এমন পর্যায় বাড়ানো, যাতে ১৮ কোটি মানুষের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করতে পারি। তিনি বিনা ধান২৬ সম্পর্কে বলেন, এই জাতটি অল্প দিনের ফসল। ফলনও বেশ ভালো। তাই দক্ষিণাঞ্চলে আমন ধান কেটে সরিষাসহ অন্যান্য রবি ফসল চাষ করা যাবে। ফলে এ অঞ্চলের শস্যনিবিড়তা বাড়বে। এতে আপনারাও লাভবান হবেন।
বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন বলেন, দক্ষিণাঞ্চলে বিনাধান-২৬’র আবাদ সম্প্রসারণে এবার ৮০ জন কৃষককে প্রদর্শনী দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে ১ বিঘা জমির জন্য ৫ কেজি হারে বীজ পেয়েছেন। পাশাপাশি রাসায়নিক সারও বিতরণ করা হয়। এছাড়া অন্য ১ হাজার ২ শ’ কৃষকদের মাঝে ৬ টন বীজ সহায়তা প্রদান করা হয়েছে।

