
ফরিদপুর সংবাদদাতা: বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসনে “বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)”-এর আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চরভদ্রাসনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা আরও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (পিপি), আবুল হোসেন মিয়া; চরভদ্রাসন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ ইমরান বিন ইসলাম; অতিরিক্ত কৃষি অফিসার, সানজিদা সুলতানা এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা, আসাদুল্লাহ।
প্রশিক্ষণ সেশনগুলোতে বিষয়াভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়।
১. ফসল নিবিড়তা ও উৎপাদন বৃদ্ধি: চরাঞ্চলে ফসলের নিবিড়তা ও উৎপাদন বৃদ্ধির কলাকৌশল যেমন—আখ, পাট, মিষ্টি আলু, মসুর, মুগ ডাল, মটরশুঁটি, সরিষা, সয়াবিন, সূর্যমুখী, চিনাবাদাম, মাল্টা, পেয়ারা এবং তরমুজের উন্নত জাত ও চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মরিচ ও কালোজিরার উৎপাদন প্রযুক্তি সম্পর্কেও কৃষকদের স্পষ্ট ধারণা দেওয়া হয়।
২. মাটি ও পচনশীল মালচিং ব্যবস্থাপনা: চরাঞ্চলের মাটি ব্যবস্থাপনা, সবজি চাষে মালচিং পদ্ধতি ও পচনশীল মালচিংয়ের ব্যবহার এবং মালচিং পদ্ধতিতে অফসিজন তরমুজ চাষ।
৩. বিষমুক্ত সবজি ও চারা উৎপাদন: পলিহাউজে বিষমুক্ত সবজি উৎপাদন, স্যান্ডবার পদ্ধতিতে সবজি উৎপাদন, ট্রেতে সবজির চারা উৎপাদন কার্যক্রম এবং ‘কালিকাপুর মডেল’-এ সবজি বিন্যাস।
৪. জৈব সার ও বছরব্যাপী চাষাবাদ: ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন প্রযুক্তি এবং বসতবাড়িতে বছরব্যাপী ফল ও সবজি চাষের পরিকল্পনা ও পঞ্জিকা অনুসরণের নিয়ম শেখানো হয়।
৫. পোকা-মাকড় ও বালাই ব্যবস্থাপনা: বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, কুমড়া জাতীয় সবজির মাছি পোকা, কাঁঠালের পোকা এবং পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ দমন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনা শেষে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার ঘটিয়ে ফলন বৃদ্ধি ও কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬০ জন কৃষক-কৃষানি অংশগ্রহণ করেন।



