
রাজশাহী সংবাদদাতা: (২৩-২৫ নভেম্বর) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অল্পমুল্যে মাটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগে গত ১৬ নভেম্বর হতে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিভাগের বিভিন্ন উপজেলায় মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারের সুপারিশ প্রদান কার্যক্রমের আওতায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইষ্টিটিউট রাজশাহীর আঞ্চলিক গবেষণাগারের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসুচী পরিচালিত হয়।
“মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল গড়ে তুলন” প্রতিপাদ্যকে ধারণ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার “তিস্তা” মাধ্যমে রবি-২০২৬ মৌসুমে কৃষকের মাঝে মাটি পরীক্ষার কার্যক্রম চলছে। মাটি পরীক্ষার জন্য প্রকৃত খরচ হয় ৪৪০ টাকা কিন্তু কৃষকের সুবিধার্থে ২৫ টাকায় নাম মাত্র মুল্যে মাটি পরীক্ষা করা হয়ে থাকে।
উপজেলা কৃষি অফিসার বলেন, মাটির স্বাস্থ্য সংরক্ষন, উৎপাদন খরচ কমিয়ে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ফসলের উচ্চ ফলনের জন্য জমিতে সুষম মাত্রায় সার ব্যবহার অত্যন্ত জরুরী। মাটি পরীক্ষা ছাড়া অনুমান নির্ভর সার প্রয়োগের ফলে একদিকে যেমন সারের অপচয় হয়, অন্যদিকে অধিক সার ব্যবহারের ফলে মাটির বুনট নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্থ হয়। তাই মাটি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় পরিমান সার প্রয়োগ করলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফসলের ফলন ও গুণগতমান বজায় রাখা সম্ভব। কৃষকের মাঝে মাটি পরীক্ষার গুরুত্ব ও সুষম ব্যবহারের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
তিনদিন ব্যাপি মাটি পরীক্ষায় ৬৯ টি নমুনা পরীক্ষা ও সার সুপারিশ কার্ড প্রদান করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনায় উপস্থিত থেকে সহযোগীতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সোহরাব হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: পারভেজ মোশারফ, রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর আঞ্চলিক গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: নাজিম উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মিলন কুমার বর্মণ, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: মেহেদী হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: মশিউর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান।

