
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষকের মাঝে ডালফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর খামারবাড়ির চত্বরে মেট্টোপলিটন কৃষি অফিসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। সদরের নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মো. রিয়াজ উল্লাহ বাহাদুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) চপল কৃষ্ণ নাথ, মেট্টোপলিটন কৃষি অফিসার সানজিদা আহমেদ শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা ফারহিন তামান্না, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি বর্তমান সরকারের দেওয়া গুরুত্ব সবচেয়ে বেশি। ইতোমধ্যেই অনেকে কৃষক কার্ড পেয়েছেন। কেউ সামনে পাবেন। তিনি আরো বলেন, চাষে উদ্বুদ্ধকরণের জন্য যেসব প্রণোদনার ব্যবস্থা রয়েছে, তা প্রাপ্তির মাধ্যমে আপনারা ফসলের উৎপাদন বাড়াবেন। কৃষিবিষয়ক যেকোনো পরামর্শের জন্য আমরা পাশে আছি। সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কৃষি অনেক দূর এগিয়ে যাবে ইনশা-আল্লাহ্। তিনি সারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাজার হতে ক্রয়কৃত রাসায়নিক সারের প্রকৃত মূল্য অনেক বেশি। এর বাকি অর্থ সরকার ভর্তুকি দেয়। তিনি আরো বলেন, বরিশালে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার মজুদ আছে। তাই প্রয়োজনীয় সার কিনে আপনাদের জমিতে ব্যবহার করতে পারবেন।
মেট্টোপলিটন কৃষি অফিসার সানজিদা আহমেদ শাওন বলেন, এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ শ’ কৃষকের মধ্যে ১ শ’ ৫০ জনের প্রত্যেককে ৫ কেজি করে মুগের বীজ এবং ৫০ জনকে ৮ কেজি হারে খেসারীর বীজ দেওয়া হবে। উভয় ফসল চাষে তারা পাবেন ১০ কেজি করে ডিএপি আর ৫ কেজি হারে এমওপি সার। এসব উপকরণ ১ বিঘা জমির জন্য বিনামূল্যে বিতরণ করা হবে।

