
আসাদুল্লাহ (ফরিদপুর): রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ নভেম্বর ২০২৬) কালুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাঈমুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, রাজবাড়ীর অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. রোকনুজ্জামান।
প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সবজি চাষে পলিথিন মালচিং পদ্ধতির ব্যবহার, পলিমালচিং প্রযুক্তিতে সবজি চারা উৎপাদন, অর্থকরী ফসল আখ ও পাটের আধুনিক কলাকৌশল, দানাদার ফসল ভুট্টা উৎপাদনের আধুনিক পদ্ধতি, মসলা ও তেলজাতীয় ফসলের আধুনিক চাষাবাদ, ডালজাতীয় ফসল মসুর, মটরশুঁটি ও মুগ উৎপাদন, কন্দাল ফসল মিষ্টি আলু ও অন্যান্য ফসলের উৎপাদন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া ট্রাইকো কম্পোস্ট উৎপাদন প্রযুক্তি, বসতবাড়িতে ফল চাষ, এলএলপি সেচ প্রযুক্তি এবং আলোক ফাঁদ ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষক-কৃষাণীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতির বিকল্প নেই। চরাঞ্চলের কৃষির উন্নয়নে এসব প্রযুক্তি কৃষক পর্যায়ে সম্প্রসারণ করতে হবে।
প্রশিক্ষণের মাধ্যমে কৃষক-কৃষাণীরা আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কৃষকরা নিজেদের জমিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি করতে সক্ষম হবেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

