
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কৌলিসম্পদ ও বীজ বিভাগের (জিআরএস) আয়োজনে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আসন্ন বোরো ২০২৬-২৭ মওসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এ বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। জিআরএস বিভাগের মুখ্য বজ্ঞৈানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রির খামার ব্যবস্থাপনা বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও প্রধান মো. সিরাজুল ইসলাম এবং উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর, ড. মো. আবদুল কাদের। এ সময় ব্রির বিভাগীয় প্রধানগণ এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ।
উল্লেখ্য, জিআরএস বিভাগ আসন্ন বোরো মওসুমের জন্য মোট ১৬২ টন ব্রিডার বীজ উৎপাদন করেছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহ মোট ৭০৪ জন সিড ডিলারের মাঝে ১২৭ টন ব্রিডার বীজ বিতরণ করা হবে। ইতোমধ্যে বিএডিসি-কে ৩৮ টন ব্রিডার বীজ দেয়া হয়েছে। বাকি ৮৯ টন ব্রিডার বীজ ৭০৩ জন বেসরকারি খাতের সিড ডিলারের মাঝে বিতরণ করা হবে। এসব বীজ থেকে তারা বোরো মওসুমে ভিত্তি বীজ উৎপাদন করবে। ব্রির ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

