
সিলেট সংবাদদাতা: মাটি পরীক্ষা করি, মাটির স্বাস্থ্য গড়ি; SRDI-এর পরামর্শে, টেকসই কৃষি গড়ার লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (SRDI) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’-এর উদ্যোগে ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা এবং ফসলভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
কৃষকদের মধ্যে মাটি পরীক্ষাভিত্তিক সুষম সার ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণের লক্ষ্যে এ বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমের আওতায় উপজেলার ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা করে মাটিতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদানের অবস্থা নিরূপণ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃষকদের ফসলভিত্তিক সুষম সার ব্যবহারের সুপারিশসংবলিত সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।
এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে বিদ্যমান পুষ্টি উপাদানের ঘাটতি ও আধিক্য নির্ণয় করে ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সুষম সার প্রয়োগ নিশ্চিত করা। এর ফলে কৃষকদের অপ্রয়োজনীয় সার ব্যবহারের ব্যয় কমবে, সারের অপচয় রোধ হবে এবং মাটির স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি উর্বরতা সংরক্ষিত থাকবে। পাশাপাশি ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের আর্থিক লাভ নিশ্চিত করতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’-এর এ কার্যক্রমে টিমের নেতৃত্বে রয়েছেন কৃষিবিদ মো. হাফিজুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গবেষণাগার, কিশোরগঞ্জ। টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. কে. এম. নাজমুল, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গবেষণাগার, পাবনা এবং কৃষিবিদ মো. আবুল বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় গবেষণাগার, ময়মনসিংহ; মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI)।
অনুষ্ঠানে সার সুপারিশ কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব মো. এনামুল হক মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ ছাড়া কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় গবেষণাগার, সিলেট-এর পিএসও জনাব হাসান আহম্মদ খান চৌধুরী মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
মাটির স্বাস্থ্য সুরক্ষা, সুষম সার ব্যবস্থাপনার প্রসার, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে SRDI এর এ ধরনের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SRDI অঙ্গীকার ও প্রচারবার্তা
– SRDI-এর পরামর্শ নিন, মাটির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করুন।
– মাটির স্বাস্থ্য রক্ষায় SRDI, টেকসই কৃষির নির্ভরযোগ্য সারথি।
– মাটি ও সারের সঠিক বিশ্লেষণ, SRDI-এর অঙ্গীকার।
– কৃষির উন্নয়নে মাটির তথ্য, SRDI-এর নির্ভুল পরামর্শ।

