
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবুর রহমান-এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BAFIITA)। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বাফিটা’র পক্ষ থেকে এক শোকবার্তায় সংগঠনটির নেতারা বলেন, তাঁর অকাল প্রয়াণে দেশ একজন দক্ষ, সৎ ও দূরদর্শী প্রশাসনিক ব্যক্তিত্বকে হারিয়েছে।
বাফিটার পক্ষ থেকে জানানো হয়, মাহবুবুর রহমান তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্ব ও অবদান দেশের বাণিজ্য খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।
শোকবার্তায় আরও বলা হয়, তিনি ছিলেন মানবিক ও আদর্শবান একজন কর্মকর্তা, যার কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
বাফিটার মহাসচিব মোঃ গিয়াস উদ্দীন খান স্বাক্ষরিত ওই বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।



