
নিজস্ব প্রতিবেদক : প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সেবার মান আরও গতিশীল করার প্রত্যাশায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক শাহজামান খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)।
আজ বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি প্রতিনিধিদল অংশ নেয়। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডা. মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মহাপরিচালকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খাত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার বিপ্লবী আবদুল্লাহ আল মামুন, ডেপুটি সেলস ম্যানেজার রাফিউল আলম, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. স্বপন মিয়া, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. রাজন বসাক এবং প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা. এস. এম. ইকবাল হোসেন।
মতবিনিময়কালে বক্তারা দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে খামার পর্যায়ে সেবার মান উন্নয়ন, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার এবং খামারিদের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
নবনিযুক্ত মহাপরিচালক শাহজামান খান এ সময় পপুলার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খামারিদের কল্যাণে উদ্ভাবনী উদ্যোগ ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) দীর্ঘদিন ধরে দেশের প্রাণিস্বাস্থ্য খাতে ওষুধ, ভ্যাকসিন ও প্রযুক্তিগত সেবা প্রদান করে আসছে এবং খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।



