
পাবনা সংবাদদাতা: বুধবার (২৬ আগস্ট) পাবনা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি বীজ, সার এবং এয়ার ফ্লো মেশিন ক্রয়ের চেক বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সিরাজুম মুর্শিদা এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও প্রেস ক্লাব পাবনা’র সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনা জেলার প্রধান অর্থনৈতিক ভিত্তি হলো কৃষি। এখানে ধান, পেঁয়াজ এবং বিভিন্ন শাকসবজি সবচেয়ে বেশি আবাদ করা হয়। পাবনার বর্তমান কৃষি আবহাওয়া ও মাটি ফসল উৎপাদনের জন্য অধিক উপযোগী। কৃষি হলো এ জেলার মানুষের প্রধান পেশা। তাইতো কৃষকরা অনেক বেশি পরিশ্রম করে জেলার কৃষিকে সমৃদ্ধ করেছে। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ক্রয়-বিক্রয়, সরকারি ভর্তুকি, প্রণোদনা, প্রশিক্ষণ এবং কৃষি ঋণের সুবিধা নিশ্চিত হয় সে জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। যাতে করে কৃষকরা ফসলের উৎপাদন বৃদ্ধি করতে আরো বেশি উৎসাহিত হয়। এরই অংশ হিসেবে আজ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজির বীজ, রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়নের মোট ৩৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৬০০ জনের প্রতিজনকে বিনামূল্যে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি সার, বালাইনাশক ও পলিথিন শীট; ২৫০০ জনের প্রতিজনকে বিনামূল্যে ৭ প্রকারের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১৫ কেজি ডিএপি, ১৫ এমওপি সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৫৫০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন ক্রয়ের চেক বিতরণের উদ্বোধন করা হয়।



