
নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করলেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। এ উপলক্ষ্যে আজ (১৪ মে) শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)। স্বাগত বক্তা হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ^াস।
প্রধান অতিথি বক্তৃতায় চীফ হুইপ বলেন, দেশের সব মানুষ যেন খেয়ে-পরে ভালো থাকা যায়; সেজন্য বর্তমান সরকারের পক্ষ হতে চাষিদের মাঝে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সুবিধা পাবেন। আর তা বাস্তবায়ন হলে ফসলের উৎপাদন বাড়বে। এতে কৃষকরা লাভবান হবেন। দেশ হবে খাদ্যউদ্বৃত্তে পরিণত।
তিনি আরো বলেন, আমরা আর চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখতে চাই না। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন-ফসল উৎপাদনে পানি ব্যবস্থাপনা সহজতর করার জন্য খাল খনন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আবার সে কর্মসূচি হাতে নিয়েছি। পাশাপাশি কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি। এর আগে তিনি পায়রা এবং বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ডিএই আয়োজিত তিন দিনের এই মেলা প্রতিদিন সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে। কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে মেলায় কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। মেলায় ১১ টি স্টল স্থান পায়। এখানে প্রদর্শিত পণ্য দেখে দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ১৬ মে মেলা শেষ হবে।



