
মো. জুলফিকার আলী (সিলেট) : সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ এর সহযোগিতায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান। তিনি দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- বর্তমান সরকার কৃষি ও কৃষকের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং কার্যক্রম ও কৃষকের ঋণ মওকুফ করেছে। কৃষি তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণে কৃষি তথ্য সার্ভিসের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন-টিভি, রেডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম ও লিফলেট/ ফোল্ডারের মাধ্যমে কৃষি প্রযুক্তি ভিত্তিক তথ্য কৃষকের সুরক্ষায় নিয়মিত প্রচার করছে কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি মন্ত্রণালয়ের ১৭ দপ্তর/ সংস্থা মাঠ পর্যায়ে কৃষি ও কৃষকের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। কৃষি বিষয়ক যে কোন সমস্যা সমাধানের জন্য কৃষি কল সেন্টার-১৬১২৩ নম্বরে ফোন কারার পরামর্শ প্রদান করেন তিনি।
পরিচালক বলেন-কৃষি শুধুমাত্র ধান ও ফসল উৎপাদনকে বলে না, কৃষি মানে মৎস্য উৎপাদন, গবাদি প্রাণী ও পাখি পালন, তার বিরাট একটি অংশ নারীদের ভূমিকা অনেক বেশী, এসব উৎপাদনে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে ও দারিদ্রতা দূর করা সম্ভব। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ব্যক্তি বা পেশাগত জীবনে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি করে।
উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাজিবুল হাসান। প্রশিক্ষণে সিলেট অঞ্চলে মাটি ও ফসলের সুরক্ষায় জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের গুরুত্ব, কৃষকের সার্বিক সুরক্ষায় সমন্বিত ডিজিটাল পরিচয় কৃষক কার্ড, ফসলের সুরক্ষায় রাসায়নিক বালাইনাশক ব্যবহারে সর্তকর্তা ও কৃষকদের করণীয়, কৃষি বিষয়ক ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপসের পরিচিতি ও ব্যবহার বিষয়ের উপর তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল কৃষক-কৃষণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণার্থীদের মাঝে বজ্রপাতে কৃষকের করণীয়, কৃষক কার্ডের সেবা সমূহসহ কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন ও লিফলেট/ফোল্ডার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন টেকনিক্যাল পার্টিসিপেন্ট উম্মে ছালমা, ডকুমেন্টারি প্রদর্শনের উপস্থাপনায় ছিলেন কৃষি তথ্য সার্ভিস, সিলেটের এআইসিও মো: জুলফিকার আলী।
উক্ত প্রশিক্ষণে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ব্লকের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।



