
পাবনা সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা এর উদ্যোগে “কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহারে কৃষক কার্ডের ভূমিকা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উথলি উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ, বগুড়া’য় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল, বগুড়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষিকে আধুনিকায়ন, লাগসই, টেকসই ও লাভজনক করার জন্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি সহায়তা দিতে সরকার প্রি পাইলটিং কার্যক্রম হিসেবে কৃষক কার্ড চালু করেছেন। এর মাধ্যমে কৃষক কার্ডভূক্ত কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সহায়তা, সহজ ঋণ, ভর্তুকি, শস্য বীমা ও কৃষি পরামর্শসহ ১০ ধরনের সুবিধা সরাসরি দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আধুনিক কৃষিতে তথ্যপ্রযুক্তির ভূমিকা অপরিসীম। প্রযুক্তির ছোঁয়ায় প্রচলিত কৃষি এখন পরিণত হয়েছে ‘স্মার্ট কৃষিতে’। এটি কৃষকদের আবহাওয়া, বাজারদর যাচাইয়ে নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ, ফসলের উৎপাদন বহুগুণ বাড়াতে এবং শ্রম ও খরচ কমাতে সাহায্য করছে। তিনি নিরাপদ ফসল উৎপাদনে সঠিক বালাইনাশকের ব্যবহার, মাটি পরিক্ষা করে সূষম সার প্রয়োগ, আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও অন্যান্যদের মাঝেও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে উপস্থিত কৃষক-কৃষানী আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিস, পাবনার সহকারী তথ্য অফিসার বাদল চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উথলি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হারুনার রশিদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাশেদুন নবী। দিনব্যাপী প্রশিক্ষণে কৃষি তথ্য সার্ভিস এর কার্যক্রম, কৃষক কার্ডের ব্যবহার ও সেবাসমূহ, কৃষি প্রযুক্তি সম্প্রসারণে করণীয়, শিবগঞ্জ এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গৃহিত উদ্যোগসমূহ, মশলার আধুনিক জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়সমূহের উপর মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ, বগুড়া’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাসুদ আলম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আপেল মাহমুদ সেশন পরিচালনা করেন। দিনব্যাপী প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার উথলি ব্লকের প্রি পাইলটিং কার্যক্রমের আওতায় কৃষক কার্ডভূক্ত কৃষক-কৃষানী ও কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।



