
নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর জলঢাকা উপজেলায় সজিনা চাষ সম্প্রসারণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঠ-সংযুক্তির অংশ হিসেবে বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা/কাটিং রোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
মঙ্গলবার (১২ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সজিনা একটি পুষ্টিগুণসমৃদ্ধ ও বহুমুখী উপকারী গাছ। এর পাতা, ফুল ও ফল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিকভাবেও মানুষ উপকৃত হবে।
উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান বলেন, কাটিং পদ্ধতিতে সহজেই সজিনা গাছের চারা উৎপাদন করা সম্ভব হওয়ায় এটি দ্রুত সম্প্রসারণ করা যায়। সজিনা গাছ খরা ও বৈরী আবহাওয়াতেও সহজে টিকে থাকে। কৃষি বিভাগ কৃষকদের পরিকল্পিতভাবে সজিনা চাষে উদ্বুদ্ধ করতে কাজ করছে। উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় একযোগে সজিনা গাছের কাটিং রোপণ কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বসতবাড়ির আঙিনা ও রাস্তার পাশে সজিনা গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে সাধারণ মানুষ সহজেই পুষ্টিকর খাদ্যের উৎস পাবে।



