
নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হর্টিকালচার উইংয়ের পরিচালক ড. হজরত আলী বলেছেন, খাদ্যাভাসে অর্ন্তভুক্ত হলেই মাশরুমের বাজার সৃষ্টি হবে। চাষে উৎসাহিত হবেন কৃষক। তিনি ২৪ জানুয়ারি মঙ্গলবার বরিশাল সদর উপজেলার পতাং নামক গ্রামে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাশরুম এক ধরনের ছত্রাক। যদিও গ্রামাঞ্চলে কেউ কেউ ব্যাঙের ছাতা মনে করেন। আসলে তা কিন্তু নয়। বনে-জঙ্গলে জন্মানো ছত্রাক অবশ্যই খাওয়ার অযোগ্য। তবে চাষকৃত মাশরুম হালাল সবজি। রয়েছে পুষ্টি আর ভেষজগুণে ভরপুর। তাই মাশরুমের আবাদ ও উৎপাদন বাড়াতে পারলে চাষিরা লাভবান হবেন। হবে জীবনমানের উন্নয়ন। পাশাপাশি ভোক্তার পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে রাখবে বিরাট ভূমিকা।
ডিএই আয়োজিত এই মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশাল জেলার উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্যহ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোছা. আখতার জাহান কাঁকন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, মাশরুম চাষি মো. শহীদুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে স্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।



