
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলায় কৃষক-কৃষাণীদের কৃষি উপকরণ কেনার জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় ২ হাজার ৩০৯ জনের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের হাতে ‘কৃষক কার্ড’ ও নগদ সহায়তা তুলে দেওয়া হয়।
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির জাতীয় পর্যায়ের উদ্বোধন একই দিন ফেনী জেলায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকার মতো পাবনা সদর উপজেলাতেও কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা ও সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক এবং পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, ‘কৃষক কার্ড’ প্রাপ্ত কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ব্লকের ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণীকে কৃষি উপকরণ কেনার জন্য ‘কৃষক কার্ড’ সেবার আওতায় নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক-কৃষাণী ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।
কৃষকদের সরকারি কৃষিসেবা ও সহায়তার আওতায় আনতে ‘কৃষক কার্ড’কে একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, ন্যায্যমূল্যে সেচ সুবিধা ও সহায়তা, সহজ শর্তে কৃষিঋণ এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক কৃষিযন্ত্র কেনার সুযোগ পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সরকারি ভর্তুকি, প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা, মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারদরের তথ্য, আধুনিক চাষাবাদ ও প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ, ফসলের রোগ-বালাই ও বালাই দমন বিষয়ে জরুরি পরামর্শ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় কৃষি বিমা সুবিধাও এর আওতায় থাকবে।



