
নাহিদ বিন রফিক: ফেনীর ফুলগাজিতে আজ প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন। এ উপলক্ষ্যে দেশের অন্য ৭৬ উপজেলার ন্যায় বরিশালের হিজলায়ও এক ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, কৃষক কার্ড হবে কৃষকের আশীর্বাদ। তারা সরকারিভাবে বিভিন্ন সুবিধা পাবেন। এর মাধ্যমে নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি হবে। হবে শস্য উৎপাদন বৃদ্ধি।
এছাড়া তিনি মা ইলিশ রক্ষায় আগামী ৮ তারিখ হতে বাইশ দিন নদীতে মাছ না ধরার আহ্বান জানান। একই সাথে ইলিশ পরিবহন, ক্রয়, বিপণন এবং সংরক্ষণে বিরত থাকার অনুরোধ করেন। এতে আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার, উপজেলা কৃষি অফিসার মো. রাইসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন খোকন প্রমুখ।
উল্লেখ্য, এসব কার্ডধারী মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খামারীরা পাবেন দশ ধরনের সুবিধা । এর মধ্যে কৃষি প্রণোদনা, ভর্তুকি, শস্য বীমা, কৃষি ঋণ সহজীকরণ ও প্রশিক্ষণ অন্যতম। এছাড়া ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাবেন বছরে ২ হাজার ৫০০ টাকা।



