
আসাদুল্লাহ (ফরিদপুর) : রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকাল ৩ টায় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান, ফেনী জেলার ফুলগাজী উপজেলায়, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিকাল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি স্থানীয় ১০ জন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড তুলে দেন।
সারাদেশে একযোগে কৃষক কার্ড বিতরণ ও উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে ৫৬টি জেলার ৭৭টি উপজেলার ৭৭টি ব্লকের ১ লক্ষ্য ১০ হাজার ১৬৫ জন কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হবে এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান এবং ২০২৬-২৭ অর্থ বছরে ৪০ লক্ষ্য ফ্যামেলি কার্ড প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে বালিয়াকান্দি উপজেলা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে লাইভ সম্প্রচারের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ করা হয়। একই অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলায় বহরপুর ইউনিয়নের আড়কান্দি ব্লকে ১৯৬০ জন কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে ১৭০৮ জন ক্ষুদ্র, ভুমিহীন ও প্রান্তিক কৃষকদের ২৫০০ টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক, জনাব আফরোজা পারভীন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম; অধিদপ্তরের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার, মো. হাফিজ হাসান; উপজেলা কৃষি অফিসার, রতন কুমার ঘোষ; উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলার সাংবাদিকবৃন্দ, কৃষক কার্ড গ্রহণ করতে সুবিধাভোগী কৃষক/কৃষাণী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।



