
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং বাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জে Flood Reconstruction Emergency Assistance Project (FREAP)-এর আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোলাপগঞ্জ, সিলেটের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের আওতায় ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মো. শামসুজ্জামান।
প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাশরেফুল আলম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাকিল আহমেদ।
প্রশিক্ষণে বাড়ির আঙিনায় শাক-সবজি ও ফল চাষের আধুনিক প্রযুক্তি, জৈব সার ব্যবহার, পোকামাকড় দমন এবং পুষ্টি বাগান স্থাপনের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কৃষকদের পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বসতবাড়ির অব্যবহৃত জায়গাকে কৃষি উৎপাদনের আওতায় আনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণের অংশ হিসেবে কৃষি তথ্য সার্ভিসের নির্মিত কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষক কার্ডভুক্ত উপকারভোগী কৃষক এবং কৃষক কার্ডের আওতায় প্রদত্ত ১০টি সেবা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়। ভিডিও উপস্থাপনা করেন মো. জুলফিকার আলী, এআইসিও। এ কাজে সহযোগিতা করেন শওকত আজিজ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে কৃষিবিষয়ক লিফলেট ও ফোল্ডার বিতরণ করা হয়। এছাড়া কৃষি তথ্য ও পরামর্শ পেতে ফেসবুক পেজের QR Code স্ক্যান করে পেজটিতে লাইক ও শেয়ার করার জন্য উৎসাহিত করা হয়। একই সঙ্গে কৃষি কল সেন্টার ১৬১২৩-এর সেবা গ্রহণ এবং ‘কৃষিকথা’র গ্রাহক হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের অনুরোধ জানানো হয়।
প্রশিক্ষণে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।



